
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় দিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন ও নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এর আগে সোমবার রাতে নগরীর সেনবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মন্ডল (২৪) ও মো. রাকিবকে (২০) গ্রেপ্তার করে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ‘মেগা পার্সনাল’ অ্যাপ ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় কাজে লাগিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, এভাবে চক্রটি প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এই চক্রের সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। তাঁদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপগুলো ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি সাইবার আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।