
স্টাফ রির্পোটার
ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানাধীন কাশর বউ বাজার এলাকায় হ্যান্ড মাইকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান দেওয়ায় মো. সানজিদুল ইসলাম আদন (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদুল কাশর বউ বাজার এলাকার বাসিন্দা এবং শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. মোজাম্মেল হক মানিকের ছেলে।পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর আর এগোতে পারেননি সানজিদুল। পড়াশোনা বন্ধ করে বর্তমানে তিনি একটি মুদির দোকানের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে এলাকায় তাকে হ্যান্ড মাইকে স্লোগান দিতে দেখা গেছে।
ডিবি ওসি মাহবুবুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার কামরুল হাসান এর নির্দেশে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। কোন ধরনের নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল করে পোশাকে সাদা পোশাকে আমাদের ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।