
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো মামলা করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ সময় মোবাইল ফোন ও ১৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার হৃদয় আহমেদ রাজুকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার রাতে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী মোড়ল বিট এলাকার কালামের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে অভিযান চালানো হয়।অভিযানে হৃদয় আহমেদ রাজুকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ এবং অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। হৃদয় এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে অর্থ সংগ্রহের পাশাপাশি নিজেও অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ নিতেন এবং অন্যদেরও এতে অংশ নিতে সহায়তা করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হৃদয় আহমেদ রাজুসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানার এক এসআই বাদী হয়ে মামলা করেছেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলায় হৃদয় আহমেদ রাজু ছাড়া জুয়া খেলায় জড়িত আরও ১৬ জনকে আসামি করা হয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।