
সুমন ভট্টাচার্য
সারাদেশের ন্যায় ময়মনসিংহেও শুরু হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) ভূমি ভবন,তেজগাঁও, ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।এর ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ,ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। মেলায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ সরাসরি ভূমিসেবা বিষয়ে ধারণা গ্রহণের পাশাপাশি কিছু সেবা তাৎক্ষণিকভাবেও গ্রহণ করতে পারছেন।মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন,ই-নামজারি আবেদন,অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।এদিকে,মেলার উদ্বোধনের আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।