
সুমন ভট্টাচার্য -স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামরুল হাসান। তবে উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।তিনি জানান, নগরীর জয়নুল আবেদীন পার্ক ও বিপিন পার্কসহ আশপাশ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৪-৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে এবং প্রতিটি মোড়ে বসানো হবে তল্লাশি চেকপোস্ট। এছাড়া সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।পুলিশ সুপার আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অপপ্রচার প্রতিরোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।
নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আতশবাজি ফোটানোতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জয়নুল আবেদীন পার্ক-এ বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে; এরপর প্রবেশ বন্ধ থাকবে এবং সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।এসপি কামরুল হাসান জানান, শোভাযাত্রার পুরো রুট নিরাপত্তার চাদরে আবৃত থাকবে এবং বর্তমানে কোনো ধরনের হুমকির তথ্য পুলিশের কাছে নেই।