
মেহেদী হাসান মুনজু, ঈশ্বরগঞ্জ প্রতিনিধ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বাবাসহ তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পুলিশ জানায়,গত ২৪ মার্চ বিকেলে উপজেলার হারুয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহতদের মধ্যে মো. জাহাঙ্গীর আলম (২৮) বাদী হয়ে গত ২৬ মার্চ ঈশ্বরগঞ্জ থানা-এ ৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
আহতরা হলেন আবুল কাশেম ফকির (৫৫), তার ছেলে জাহাঙ্গীর আলম (২৮),জাকির (২২) ও শাকিল (২০)অভিযোগে অভিযুক্তরা হলেন,একই এলাকার বকুল ভূঞা (৪৫),তফাজ্জল (৩৫),আশিক (২৩),কাউসার (২২),মামুন (২৯),হুমায়ূন ফকির (৩৬),সেলিম ফকির (৩২) ও তৈয়ব আলী ফকির (৪৭)।
ভুক্তভোগী পরিবার জানায়,পূর্ব বিরোধের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র,লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেম ফকির ও জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন।
এদিকে, অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে রবিবার বিকেলে এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল প্রধান আসামির দোকানঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন,“পূর্ব শত্রুতার জেরে আমাদের ওপর হামলা চালিয়ে বাবা ও তিন ভাইকে গুরুতর জখম করা হয়েছে।আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”অভিযুক্ত বকুল ভূঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে থানার ওসি রবিউল আজম জানান,অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।