
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসি।
স্বাগত বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা জানান, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকৃত মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান করা হবে। এর মধ্যে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা ৭ হাজার টাকা এবং এসএসসি পর্যায়ের শিক্ষার্থীরা ৫ হাজার টাকা করে চেক পাবেন। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা পরিষদ থেকে চেক সংগ্রহ করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, শিক্ষার্থীদের নিজেদের নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ গড়তে তোমরাই হবে প্রধান শক্তি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার বলেন, এই বৃত্তি তোমাদের ভবিষ্যৎ জীবনে উৎসাহ ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও অধ্যবসায় বজায় রাখলে সফলতা অর্জন সম্ভব।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে বৃত্তির চেক গ্রহণ করেন। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।