
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের জেলা শাখার উদ্যোগে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মালিকরা অংশ নেন।সংগঠনের নেতারা অভিযোগ করেন,প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা ও অযৌক্তিক বাধার মুখে পড়ছেন। বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তির কঠোর শর্ত এবং অতিরিক্ত জটিল প্রক্রিয়ার কারণে অনেক প্রতিষ্ঠান নিয়মিত কার্যক্রম পরিচালনায় সংকটে পড়েছে।
মানববন্ধনে বক্তারা সহজ শর্তে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদান,অপ্রয়োজনীয় হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সরল করার দাবি জানান।
মানববন্ধন শেষে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা এর সাথে আলোচনায় বসছেন ক্লিনিক মালিক এবং ডায়াগনস্টিক সমিতি নেতৃবৃন্দ।তিনি বলেন,আপনারা স্মারকলিপি দেন আমরা আপনাদের বিষয়গুলো আমার উপরমহলে আলোচনা করে সমাধানের চেষ্টা করবো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. মনসুর আলম চন্দন। তারা বলেন,দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানের জন্য প্রশাসনিক সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।মানববন্ধনে ময়মনসিংহ জেলা শাখার বিভিন্ন হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন।