
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করায় চৌদ্দগ্রামে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আজ সকাল থেকে লাকসাম রাস্তার মুখে চৌদ্দগ্রাম থানা পুলিশের তত্ত্বাবধানে স্থাপন করা হয়েছে কড়া নিরাপত্তা চেকপোস্ট-০১।
চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেখা গেছে। প্রত্যেক যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে এবং জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রায়কে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে জন্য চৌদ্দগ্রাম থানার ওসি’র নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিরাপত্তা থাকলে জনগণের মাঝে আতঙ্ক কমে।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, পুরো উপজেলায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হবে এবং প্রয়োজন হলে মোবাইল টহলও বাড়ানো হবে।
চৌদ্দগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।