
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন পিয়নপাড়া এলাকায় এক গৃহবধূর বাড়িতে চুরির ঘটনায় ছয় দিন পেরিয়ে গেলেও এখনো কোনো চোরের সন্ধান মেলেনি। চুরির ঘটনায় ভুক্তভোগী অনামিকা ঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর (বুধবার) রাত আনুমানিক ৮টার দিকে ধর্মীয় পূজা দেখতে পরিবারের সঙ্গে বাইরে যান গৃহবধূ অনামিকা ঘোষ (৪৩), পিতা—মৃত পরেশ চন্দ্র ঘোষ, বাসিন্দা—২০/১ জমির মুন্সিলেন, পিয়নপাড়া, ময়মনসিংহ। রাত ১০টা ৩০ মিনিটে বাসায় ফিরে এসে দেখেন, জানালার গ্রীল কেটে অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করেছে।
চোরেরা ঘরে থাকা স্টিলের আলমারী ভেঙে নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা) নিয়ে যায়।ঘটনার পর থেকে অনামিকা ঘোষ ও তার পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাননি। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে অভিযোগের ৬ দিন পেরিয়ে গেলেও চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকার কোনো হদিস পায়নি পুলিশ। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারটি।এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। চোরদের শনাক্তে আমরা কাজ করছি।”