
সুমন ভট্টাচার্য
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ বাণীতোষ চক্রবর্তী আর নেই।রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী,তিন পুত্র ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
একই দিন বিকেলে ডুবাইল সার্বজনীন শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।১৯৬৮ সালে গোপালপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়ে বাণীতোষ চক্রবর্তী শুরু করেন তাঁর শিক্ষকতা জীবন। দীর্ঘ ৫৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি গড়ে তুলেছেন শত শত শিক্ষক,বিচারপতি,সচিব,চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন এবং ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।গোপালপুরের সাহিত্য,শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান ছিল অনন্য। তাঁর মৃত্যুতে গোপালপুরের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।