
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে— এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন,
“ময়মনসিংহ জেলা এক ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত জেলা। এ জেলার সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার গৌরবময় ইতিহাস রয়েছে। জাতীয় মহিলা ফুটবল দলের আটজন খেলোয়াড়ই ময়মনসিংহের, একইভাবে জাতীয় ক্রিকেট দলেও রয়েছে এই জেলার প্রতিনিধিত্ব। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল তরুণদের অনুপ্রাণিত করার বড় প্ল্যাটফর্ম।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ময়মনসিংহ থেকে ভবিষ্যতে আরও বহু তরুণ জাতীয় দলে জায়গা করে নেবে।
বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন,
“খেলায় জয়-পরাজয় স্বাভাবিক, তবে প্রতিযোগিতা যত তীব্র হয়, খেলা তত উপভোগ্য হয়ে ওঠে। ময়মনসিংহ ক্রীড়া ও সংস্কৃতির জন্য সবসময় পরিচিত। এ ধরনের প্রতিযোগিতা কেবল খেলোয়াড় তৈরি করে না,সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতিও বৃদ্ধি করে।”অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা,জনপ্রতিনিধি,ক্রীড়াবিদ,শিক্ষক,সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে স্টেডিয়ামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।