
মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল, পিরোজপুর মঠবাড়িয়া।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মাত্র ৩৫ বছরের এক নারীর বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ! ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় তৈরি হয়েছে তোলপাড়।
(১৬ আগস্ট শনিবার ) সকাল থেকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়ির সামনে অবস্থান নেন বৃদ্ধ আবুল কাসেম মুন্সি। তিনি মঠবাড়িয়ার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে আবুল কাসেম মুন্সি বলেন—“আমার স্ত্রী অনেক আগে মারা গেছেন। এরপর থেকেই বিয়ের জন্য মেয়েদের খুঁজছিলাম। প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে পরিচয় হয়। সে আমার প্রস্তাবে রাজি হয় এবং সেই সুবাদে আমার কাছ থেকে ধাপে ধাপে ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু কিছুদিন ধরে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি আমাকে ভুল ঠিকানাও দেয়। অনেক কষ্ট করে কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে তার আসল বাড়ি খুঁজে পাই।”
এরপরই তিনি সরাসরি ওই নারীর বাড়িতে উপস্থিত হয়ে দাবি তোলেন— “হয় আমার টাকা ফেরত দেবে, নয়তো বিয়ে করতে হবে।”এমন ঘটনা শুনে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ একে বৃদ্ধের ‘শেষ বয়সের প্রেমের টান’ বলছেন, আবার কেউ এটিকে প্রতারণার ঘটনা বলেই আখ্যা দিচ্ছেন।