
✍️ শেখ মামুনুর রশীদ মামুনঃ
“সাংবাদিকদের কেউ আপন হয় না”—
এই কথাটি প্রথমে শুনলে নিষ্ঠুর মনে হতে পারে। কিন্তু সাংবাদিকতা পেশায় কিছুটা সময় কাটালেই এই কথার বাস্তবতা হৃদয় দিয়ে টের পাওয়া যায়। সত্য প্রকাশের দায়ে যারা একসময় আপন ছিল, সময়ের প্রবাহে তারাই হয়ে ওঠে বিরূপ কিংবা উপেক্ষার প্রতিচ্ছবি।
জনস্বার্থে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নিরপেক্ষতা, নির্লিপ্ত সত্য উচ্চারণ—ক্ষমতাবান কিংবা প্রভাবশালীদের চোখে হয়ে যায় ‘দোষ’।
যেখানে অন্যরা সম্পর্ক রক্ষায় নীরব থাকে, সাংবাদিক সেখানে সত্য বলার দায়ে একা হয়ে পড়ে।
তবুও সাংবাদিকরাও তো মানুষ—তাদেরও রয়েছে পরিবার, বন্ধু, সহকর্মী, আত্মীয়, এমনকি হৃদয়ের মানুষ।
তারা যেমন দায়িত্ব পালনে আপসহীন, তেমনি সম্পর্কেও থাকে মানবিক, সংবেদনশীল।সবাইকে খুশি রাখা সম্ভব নয়—তবে নিজের বিবেককে খুশি রাখা যায়।সাংবাদিকের পথ তাই বন্ধুত্বের নয়—দায়িত্বের, নিষ্ঠার।
তবুও এই কঠিন পথচলায় কিছু সম্পর্ক তৈরি হয়—যা হয় সত্যিকারের, নিঃস্বার্থ, গভীর ও হৃদয়ছোঁয়া।
এই সম্পর্কগুলো হয়তো খুব বেশি নয়, কিন্তু তারাই সাংবাদিকের চলার পথে আলো হয়ে জ্বলে।