
স্টাফ রিপোর্টার.
নরসিংদীর মনোহরদীতে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করার অভিযোগ এনে কামরুল ইসলাম এবং তানভীর আহমেদ নামে দুজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।বুধবার আদালতের নির্দেশে মনোহরদী থানায় এই মামলা করা হয়।মামলায় অভিযুক্ত কামরুল ইসলাম দৈনিক কালবেলা এবং এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি।তিনি উপজেলার হাফিজপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।তানভীর আহমেদ দৈনিক বাংলাদেশ সমাচার এবং সিএনএন টিভির প্রতিনিধি।তিনি বড়চাপা গ্রামের বাসিন্দা।এছাড়া ওই মামলায় আরও ১০ জনকে আসামী করা হয়েছে।মামলার বাদী বড়চাপা ইউনিয়নের ভয়াশন গ্রামের শাহজাহানের ছেলে জাকির হোসেন।অভিযোগে উল্লেখ করা হয়,গত ১ জানুয়ারী রাত ১১ টায় ভয়াশন গ্রামে নৌকার অস্থায়ী ক্যাম্পে আগুন দেওয়া হয়।এসময় দেশীয় অস্ত্র দিয়ে ক্যাম্পের পর্দাসহ অন্যান্য জিনিসপত্র ছিঁড়ে ফেলা হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই রাতে নৌকার ক্যাম্পে আগুন দেওয়া এবং ভাংচুরের কোন ঘটনা ঘটেনি।সম্পূর্ণ মিথ্যা ঘটনা সাজিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে।সাংবাদিক কামরুল ইসলাম বলেন,মামলা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।আমার বাসা হতে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।তানভীর আহমেদ বলেন,ওই রাতে আমি বাড়িতে ছিলাম।তাছাড়া মামলায় যে তারিখ উল্লেখ করা হয়েছে সেই রাতে সেখানে কোন ঘটনাই ঘটেনি।
সুষ্ঠুভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন,আদালতের নির্দেশে থানায় মামলা হয়েছে।এ বিষয়ে তদন্ত কাজ চলছে।