
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ: ময়মনসিংহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত আব্দুল জাব্বারের ছেলে মো:হাসিম উদ্দিন এবং মৃত বসির উদ্দিন মন্ডলের ছেলে মাহাবুব আলম মন্ডল।তারা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাগুতা এলাকা ও ফুলপুর থানার পশ্চিম বাগাই এলাকার বাসিন্দা।পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া জানান,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার(২৫ জুন)ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ সোহাগী ইউনিয়ন থেকে হাসিম উদ্দিনকে গ্রেফতার করে এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন তিনকোনা পুকুর পাড় এলাকা থেকে মাহাবুব আলম মন্ডল কে গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।নৃশংসতার কিছু বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন,যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বাহিনীর সহায়তায় রাইফেল ও স্টেনগান দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা ও লাশ গুম করে ফেলা এবং অসংখ্য নিরীহ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া, বাড়িতে থাকা সম্পদ লোট, নারী ধর্ষণ ও যুদ্ধ পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায় ও সাধারণ মানুষের জমিজমা আত্মসাৎ ও ভয়ভীতি দেখাতো।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দুই আসামি কে আন্তর্জাতিক আপরাধ ট্রাইবুনাল আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।