
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ নগরীর ৩ নম্বর ওয়ার্ডে গ্রীন পয়েন্ট রেস্টুরেন্ট থেকে সাহেব কোয়ার্টার হয়ে জেলা পুলিশ সুপারের বাংলো পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনকালে তিনি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে প্রশাসক সড়কের বর্তমান অবস্থা, যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধা এবং এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় উন্নয়ন কাজ দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।এদিকে ৩ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মাস্টার রোডেও আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এসব সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।সংশ্লিষ্টরা জানান, সড়কগুলোর দীর্ঘস্থায়ী উন্নয়নের পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধা এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কে পানি জমে জনসাধারণের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের দৈনন্দিন চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।