
অভি খন, চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি:
চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কৃষকের আহাজারি, পাশে দাঁড়াল কৃষি বিভাগ কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে কেটে ফেলা হয়েছে কৃষক জনাব কফিল উদ্দিনের বাগানের সব লাউ গাছ।এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে অসহায় হয়ে পড়েছেন ওই কৃষক। নিজের পরিশ্রমে গড়ে তোলা লাউ গাছগুলো কেটে ফেলার ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কৃষক কফিল উদ্দিনের লাউ ক্ষেতে প্রবেশ করে একে একে সব লাউ গাছ কেটে ফেলে। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৃষকের আহাজারির খবর পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।খবর পেয়ে চৌদ্দগ্রাম পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আরিফ সোলায়মান মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলেন। তিনি কৃষকের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন এবং ভবিষ্যতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষককে হতাশ না হয়ে আবারও কৃষিকাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কৃষকের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কৃষি বিভাগের পক্ষ থেকে সম্ভবপর সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।কৃষক কফিল উদ্দিন বলেন, অনেক শ্রম ও অর্থ ব্যয় করে তিনি লাউ গাছগুলো পরিচর্যা করেছিলেন। গাছগুলোতে ফলনও আসতে শুরু করেছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলায় তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে কৃষকদের ফসল ও কৃষিকাজের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারি কামনা করেছেন