
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে স্কুলপড়ুয়া এক নাবালিকা (১৩)কে ধর্ষণের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে প্রধান অভিযুক্ত মো. রুবেল মিয়া (৪০)কে গ্রেফতার করেছে র্যাব-১৪। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।র্যাব জানায়,ভিকটিম তার পরিবারসহ ফুলপুর থানার নিজ বাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত রুবেল মিয়া তাদের প্রতিবেশী। গত ২৯ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে ভিকটিম বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ পর অসুস্থ অবস্থায় ফিরে আসে। পরে তার দাদীর কাছে জানায়, অভিযুক্তের বাড়ি থেকে কীটনাশক পান করেছে এবং তাকে ফুসলিয়ে ধর্ষণ করা হয়েছে।পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ ভোরে তার মৃত্যু হয়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ফুলপুরের রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।অন্যদিকে, পৃথক অভিযানে ময়মনসিংহের ত্রিশাল থানার এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৬)কে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. কলিম উদ্দিন ওরফে কলম উদ্দিন (৫৮)কেও গ্রেফতার করেছে র্যাব-১৪। ১ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।দুইটি ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।