
সুমন ভট্টাচার্য
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার চেতনা ধারণ এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।
বৃহস্পতিবার নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।তিনি বলেন,মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ পরিচালনা করছেন এবং দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন শুরু করেছেন।প্রধান অতিথি আরও বলেন,সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড,খাল খননসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এসব উন্নয়ন কার্যক্রম সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন,বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বদ্ধপরিকর। একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এর আগে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী,সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন,রেঞ্জ ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া,পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ অন্যান্যরা।অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।