
সুমন ভট্টাচার্য
২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মরণে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উদ্যোগে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে তথ্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণহত্যায় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। এ ধরনের আয়োজনকে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ জীবন গড়ে তুলতে হবে।জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সভায় গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হালুয়াঘাট সীমান্তের তেলিখালী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। তিনি ‘অপারেশন সার্চলাইট’-এর ভয়াবহতা এবং মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন।সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের ময়মনসিংহ জেলা সভাপতি স্বাধীন চৌধুরী এবং জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার লিয়া আফরোজ। তারা মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে একাত্তরের শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর আহবান জানান।
এসময় শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌস মিলি ও মোহাম্মদ মিনার দেশ গঠনে নিজেদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় অর্ধশত শিক্ষার্থীসহ তথ্য অফিসের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এছাড়া সন্ধ্যায় ময়মনসিংহ ব্রিজ রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত প্রদর্শনীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রযোজিত ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়,যা দেখতে আগ্রহী জনসাধারণের ভিড় লক্ষ্য করা যায়।এর আগে দুপুরে নগরীর টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং তথ্য অফিসের সহযোগিতায় গণহত্যা ও মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।