
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক ও সেবাধর্মী সংগঠন সাজেদা ফাউন্ডেশন–এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষদের জন্য এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা,প্রাথমিক চিকিৎসা,পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দল ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে রোগীদের সেবা প্রদান করেন। অনেক বয়স্ক রোগী দীর্ঘদিনের চোখের সমস্যার সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মোত্তালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তিনি বলেন,“সাজেদা ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থেকে গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও জানান,ভবিষ্যতেও চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান,সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এমন ফ্রি চিকিৎসা ক্যাম্প অত্যন্ত উপকারী এবং সময়োপযোগী।
মানবসেবায় নিয়োজিত সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম চালুর প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।