
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের মুক্তাগাছায় নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল হাসিম (২২) কে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে নরসিংদী সদর এলাকা থেকে ভিকটিম (১৫) কেও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, ভিকটিম নিয়মিত মাদ্রাসায় যাতায়াতকালে আসামি আবুল হাসিম প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। গত ২৪ জুলাই ভিকটিমকে সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় আসামিরা। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আদালতে পিটিশন মামলা দায়ের করলে আদালতের আদেশে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ধারা ৭/৯(১)/৩০ অনুযায়ী মামলা (নং-১২, তারিখ ১২ আগস্ট ২০২৫) রুজু হয়।
পরে সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহ প্রযুক্তিগত তথ্যের সহায়তায় আসামি ও ভিকটিমের অবস্থান নিশ্চিত করে। র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর সহযোগিতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নরসিংদী সদর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে রাত ৯টা ১৫ মিনিটে একই এলাকায় পৃথক অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।