
আবদুল আউয়াল নোয়াখালী জেলা প্রতিনিধি.
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় নির্বাচিত উন্মুক্ত ২টি খাল এবং ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম,উপজেলা মৎস্য অফিসার মো. আশরাফুল ইসলাম সরকার,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম,ভেটেরিনারি সার্জন ডা. সাজিদ কাউছার খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না প্রমুখ।
মৎস্য উন্নয়ন কার্যক্রম
জেলা মৎস্য অফিসার জানান,দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর এ ধরনের কর্মসূচি গ্রহণ করছে। এর মাধ্যমে স্থানীয় জেলে ও মাছচাষীরা উপকৃত হবেন এবং খাদ্য নিরাপত্তায় মাছের যোগান বাড়বে।
কর্মসূচির আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি পুকুর, খাল ও জলাশয়গুলোতে পর্যায়ক্রমে আরও পোনা মাছ অবমুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া
অনুষ্ঠানে বক্তারা বলেন,মাছ বাংলাদেশের অন্যতম প্রধান সম্পদ। পোনা অবমুক্ত কার্যক্রমের ফলে সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।