
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অনলাইন ক্যাসিনো ও জুয়া বন্ধে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা চেয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ লক্ষ্যে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে ঈশ্বরগঞ্জ থানার অফিসিয়াল ফেসবুক পেজ ‘Ishwarganj Thana’ থেকে প্রকাশিত এক বিশেষ বার্তায় এ আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে ঈশ্বরগঞ্জবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছে থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, পুলিশ সমাজেরই একটি অংশ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনে থানা প্রাঙ্গণে নিয়মিত রোল কলের মাধ্যমে সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে।
থানা সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পর থেকে মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাদকবিরোধী অভিযান, অনলাইন ক্যাসিনো ও জুয়া প্রতিরোধ, চোরাই পণ্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সাফল্য অর্জনের দাবি করেছে থানা পুলিশ।
কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ প্রথমে তিনি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। পরে গত ১১ নভেম্বর সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এ ছাড়া তৃণমূল পর্যায়ে নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশদের নিয়ে নিয়মিত দিকনির্দেশনামূলক সভা করছেন তিনি। পাশাপাশি অসহায় ও ভুক্তভোগী মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনি সহায়তা দেওয়ার কার্যক্রমও পরিচালনা করছেন।
থানা প্রশাসনের মতে, পুলিশ ও জনগণ একে অপরের পরিপূরক। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এককভাবে পুলিশের পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। বিশেষ করে মাদক, অনলাইন ক্যাসিনো ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে এবং থানাকে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
এদিকে, উপজেলার যেকোনো ধরনের অপরাধ, মাদক, অনলাইন ক্যাসিনো ও জুয়া কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য জানাতে ওসির সরকারি মোবাইল নম্বর ০১৩২০-১০৩৩৯৯-এ সরাসরি যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।