
ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবর্তনে নতুন ধারার সূচনা করছেন। এই পরিবর্তন বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
আজ (০৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সমবায় বিভাগ আয়োজিত জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মুহাম্মদ আবদুল্লা আল মামুন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমবায় কার্যক্রমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশ্বাস ও বিশ্বস্ততা। পারস্পরিক বিশ্বাস না থাকলে সমবায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সমবায়ের মূল শক্তি ঐক্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র পুঁজিকে একত্র করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব।সমবায় সমিতির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, সমিতির আয়-ব্যয়ের হিসাব-নিকাশ স্বচ্ছভাবে সংরক্ষণ করতে হবে, যাতে সদস্যরা সহজেই তা বুঝতে পারেন। নিয়মিত সভা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে হবে। পাশাপাশি সমিতির নেতৃত্বে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। এতে সমিতির কার্যকারিতা ও সেবার মান বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে এলাকার সাধারণ মানুষের ভাগ্য ও জীবনযাত্রার পরিবর্তন সম্ভব। যেসব প্রতিষ্ঠান ভালো কাজ করছেন এবং পুরস্কৃত হয়েছেন, তাদের আরও ভালো কাজের পাশাপাশি নতুন সদস্য যুক্ত করার উদ্যোগ নিতে হবে। অন্য সমিতিগুলোকেও সফল সমিতিগুলোর কার্যক্রম অনুসরণ করে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মীগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।