
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আ. রাজ্জাক, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী বাংলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আ. রাজ্জাক নিহত হন।দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
পরে আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।