
জহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকায় কফিল উদ্দিনের লাউ বাগানে রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় কে বা কারা বাগানে প্রবেশ করে লাউগাছগুলো কেটে ফেলে। এতে সম্পূর্ণ বাগানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেটে ফেলা গাছগুলোর সঙ্গে থাকা শত শত ছোট-বড় লাউ এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে, যা বাগানটির ব্যাপক ক্ষতির চিত্র ফুটিয়ে তুলেছে।এ ঘটনায় বাগানের মালিক কফিল উদ্দিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হঠাৎ করে ফসলের এমন ক্ষতিতে তিনি হতাশ হয়ে পড়েছেন।
ভুক্তভোগীর দাবি, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।