
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের অংশ হিসেবে নগর ভবনসংলগ্ন একটি ড্রেনে লার্ভিসাইড ট্যাবলেট প্রয়োগ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা মাজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, একটি লার্ভিসাইড ট্যাবলেট ১০ লিটার পানিতে প্রয়োগ করলে সেখানে প্রায় ২ থেকে ৩ মাস মশার জন্ম হবে না। তিনি বলেন, এটি একটি নতুন পদ্ধতি এবং সফল হলে বৃহৎ পরিসরে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।তিনি আরও জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে এবং মশার বংশবিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হতে হবে। তিনি সবাইকে বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।