
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন,সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এমপি। তিনি বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গণতান্ত্রিক,স্থিতিশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।বৃহস্পতিবার (১৪ মে) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন,সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড ও স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানান,সরকারের বয়স মাত্র তিন মাস হলেও ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন শুরু হয়েছে।তিনি আরও বলেন,সরকার শুধু স্বপ্ন দেখায় বিশ্বাসী নয়,বরং পরিকল্পনার ভিত্তিতে বাস্তবসম্মত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।অনুষ্ঠানে জানানো হয়,প্রথম ধাপে প্রায় ৬ হাজার ৯৪৩ জনের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হবে। প্রতিমন্ত্রী এ উদ্যোগকে সাধারণ মানুষের কল্যাণে একটি মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।বক্তব্যে ময়মনসিংহ রেলস্টেশনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বৃষ্টির সময় পানি জমে যাওয়া,যাত্রীদের জন্য বিশ্রামাগারের অভাব,নারী যাত্রীদের নামাজের ব্যবস্থা ও পাবলিক টয়লেট সংকট দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।তিনি জানান,সারা দেশে রেলকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে এবং ময়মনসিংহও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত। এছাড়া ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর দাবিও বিবেচনায় রয়েছে। লোকোমোটিভ ও কোচ সংকটের কারণে তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব না হলেও বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানান তিনি।
এছাড়াও ময়মনসিংহের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে যানজট নিরসনে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ময়মনসিংহের তিনটি রেলক্রসিং এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।অনুষ্ঠানের শেষে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী এবং সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও মোঃ জাকির হোসেন বাবলু। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সিটি কর্পোরেশনের কর্মকর্তা,বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।