
সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.
ময়মনসিংহে বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই নারী আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী ও শামছুল হক। এছাড়া ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই নারী আসামি হলেন— মোছা. খালেদা আক্তার ও মোছ. রেহেনা খাতুন।রায়ে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং দুই নারী আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করেন। অর্থদণ্ড অনাদায়ে দুই নারীকে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মোস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকল আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করা হয়।মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ২০২১ সালের ৩১ মে রাতে নিখোঁজ হন শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯)। পরে ৬ জুন একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।তদন্তে আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তারের স্বীকারোক্তিতে অন্য আসামিদের সম্পৃক্ততার তথ্য উঠে আসে।এদিকে,মামলার বাদী ও নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।