
জহিরুল ইসলাম-বিশেষ প্রতিনিধি.
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকায় ইরি (বোরো) ধানে মাজরা পোকার আক্রমণ রোধে মাঠ পর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ সোলায়মান মজুমদার। তিনি নিয়মিত ধানক্ষেত পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, ধানের জমিতে মাজরা পোকার আক্রমণের আশঙ্কা দেখা দিলে মোঃ আরিফ সোলায়মান মজুমদার নিজে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে নিয়ে ক্ষেত পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত গাছ চিহ্নিত করা, সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
স্থানীয় কৃষকরা জানান, “তিনি শুধু একজন কর্মকর্তা নন, আমাদের পরিবারের সদস্যের মতো। যেকোনো সমস্যায় ফোন দিলেই তিনি ছুটে আসেন এবং দ্রুত সমাধান দেন।”
কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে মোঃ আরিফ সোলায়মান মজুমদার দিন-রাত মাঠে থেকে কাজ করছেন। কৃষকদের প্রতি তার আন্তরিকতা ও দায়িত্ববোধ ইতোমধ্যেই চৌদ্দগ্রাম এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ বিষয়ে মোঃ আরিফ সোলায়মান মজুমদার বলেন, “কৃষকরাই দেশের প্রাণ। তাদের সমস্যা সমাধান করা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য। কৃষক ভালো থাকলে দেশ এগিয়ে যাবে।”
উল্লেখ্য, সময়মতো সঠিক পরামর্শ ও মাঠপর্যায়ের তৎপরতার ফলে চলতি মৌসুমে ইরি ধানের সম্ভাব্য ক্ষতি অনেকাংশে কমে এসেছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।