
অভি খান,চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি.
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন পোর্টাল পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও বানোয়াট অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্থানীয় জনগণ ও কৃষক-কৃষাণীরা এক উঠান বৈঠকের আয়োজন করেন।
উঠান বৈঠকে বক্তারা অভিযোগ করেন,উদ্দেশ্যপ্রণোদিতভাবে চৌদ্দগ্রাম পৌরসভা ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আরিফ সোলায়মান মজুমদার-এর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
স্থানীয়রা বলেন,তিনি একজন অত্যন্ত ভদ্র ও আন্তরিক কর্মকর্তা। কৃষকরা যেকোনো সময় কৃষি সমস্যায় পড়লে তাকে ডাকলেই তিনি দ্রুত উপস্থিত হয়ে সহযোগিতা করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা দাবি করেন।
বক্তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।বৈঠকে সমসাময়িক কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা,কৃষির বহুমুখীকরণ ও বাণিজ্যিকীকরণ,আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকরা তাদের নানা সমস্যা তুলে ধরেন এবং কৃষি কর্মকর্তার পক্ষ থেকে সেগুলোর সমাধানের আশ্বাস প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি হাছান শাহরিয়ার,পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি,পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি,স্থানীয় কৃষি উদ্যোক্তা ও তরুণ সফল কৃষক মোঃ ইমরান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন,কৃষির উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।