
সুমন ভট্টাচার্য
রাষ্ট্রীয় প্রটোকল উপেক্ষা করে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়াসের খান চৌধুরী এমপি। ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে তিনি গাড়ি থামিয়ে নিজেই সেই কাজে অংশ নেন। তাঁর এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।শুক্রবার (২৭ মার্চ) জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে একটি কবরস্থানে দাফন কার্যক্রম চলতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি বহর থামিয়ে সেখানে যান এবং কোনো দ্বিধা ছাড়াই কবরে নেমে মরদেহ দাফনের কাজে সরাসরি অংশগ্রহণ করেন।প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির জানান, একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে তারা অভিভূত হন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, একজন প্রতিমন্ত্রী এভাবে লাশের খাটিয়া ধরবেন—এটি কল্পনাতীত এবং অত্যন্ত মানবিক একটি দৃষ্টান্ত।স্থানীয় বাসিন্দারা বলেন, পদমর্যাদার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই দৃশ্য বর্তমান সময়ে বিরল। এটি অন্য জনপ্রতিনিধিদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি পুনরায় তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।