
সুমন ভট্টাচার্য
কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা ও শিশু সুরক্ষায় ট্যুরিস্ট পুলিশের টানা অভিযানে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) আরও পাঁচজন হারানো শিশুকে উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে চলতি সময়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ মোট ২৫০ জন হারানো শিশুকে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে—যা শিশু সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় শিশুদের হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তবে ট্যুরিস্ট পুলিশের সার্বক্ষণিক নজরদারি,দ্রুত উদ্ধার অভিযান ও তাৎক্ষণিক সেবার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই শিশুদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, “একটিও শিশুকে ঝুঁকিতে ফেলতে চাই না। শিশুর নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”ট্যুরিস্ট পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার কারণে পর্যটক ও অভিভাবকদের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে এসেছে। উদ্ধার হওয়া শিশুদের পরিবারের সদস্যরা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপদ ঘটতে পারত।মানবিকতা,দায়িত্ববোধ ও পেশাদারিত্বে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসার ঝড় তুলেছে সর্বমহলে।