
বিশেষ প্রতিনিধি মশিউর রহমান সোহাগ ব্রাহ্মণবাড়িয়া. ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থল থেকে নিজেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিনিধি পরিচয়দানকারী এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভা চলাকালীন এ ঘটনা ঘটে।
জনসভা চলাকালীন এক ব্যক্তি গলায় একটি প্রেস আইডি কার্ড ঝুলিয়ে নিজেকে আল জাজিরার প্রতিনিধি হিসেবে দাবি করে মঞ্চের আশপাশে প্রবেশের চেষ্টা করছিলেন। তার গতিবিধি এবং পরিচয় নিয়ে সেখানে উপস্থিত স্থানীয় সংবাদকর্মীদের সন্দেহ হয়। সাধারণত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উপজেলা পর্যায়ে কোনো প্রতিনিধি থাকে না—এই তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই ব্যক্তি বৈধ কোনো কাগজপত্র বা নিয়োগপত্র দেখাতে ব্যর্থ হন। পরে উপস্থিত জনতা ও স্বেচ্ছাসেবকরা তাকে আটক করে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান:”জনসভাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক দাবি করলেও কোনো প্রমাণ দিতে পারেননি। তার আসল পরিচয় এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা এবং তৃণমূল পর্যায়ে সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এমন সংবেদনশীল জনসভায় ভুয়া পরিচয় দিয়ে অনুপ্রবেশের ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।