
এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে তীব্র শীতের মধ্যে অসহায় ও ইয়াতিম মেধাবী হাফেজ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এক মানবিক দানশীল ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল ইসলাম।শীতজনিত দুর্ভোগ লাঘব ও শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে উপজেলার বেথইর হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসার অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বাড়তে থাকায় শিক্ষার্থীরা যাতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত না হয় এবং মনোযোগ দিয়ে কোরআন শিক্ষা চালিয়ে যেতে পারে—সে লক্ষ্যেই তার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিশিষ্ট শিল্পপতি ও রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম। তিনি বলেন,“ইয়াতিম ও সুবিধাবঞ্চিত হাফেজ শিক্ষার্থীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ব্যক্তিগত উদ্যোগে হলেও তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।”
তিনি ভবিষ্যতেও শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব জি এম কামরুল ইসলাম,আলহাজ্ব সিরাজুল ইসলাম,হাফেজ গোলাম কিবরিয়া,হাফেজ ফরহাদ হোসেন, হাফেজ রেদওয়ান আহমেদ,সাগর মাস্টার,শফিকুল ইসলাম,দলিল লেখক জাকির হোসেন,এল বি রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। কম্বল পেয়ে হাফেজ শিক্ষার্থীরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন,এই সহায়তা শুধু শীতের কষ্ট লাঘবই নয়,শিক্ষার্থীদের মনোবল বাড়িয়ে পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।স্থানীয়রা মনে করছেন,এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করবে।