
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ
বইমেলা লেখক-পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে; যা সাহিত্য,সংস্কৃতি ও মননশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। বুধবার (১০ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন,আগামী ১২ ডিসেম্বর মেলার উদ্বোধন করবেন ভৌত অবকাঠামো বিভাগ,বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ।
এ ছাড়া ১৫ ডিসেম্বর বইমেলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
এবারের বইমেলায় ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২টি স্টল অংশগ্রহণ করবে। নয় দিনব্যাপী এই মেলায় প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আলোচনা সভা,সেমিনার,উপস্থিত বক্তৃতা,কচিকাঁচার উৎসব,কুইজ,চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে।সাপ্তাহিক ছুটির দিনে মেলা সকাল ১০টা থেকেই সবার জন্য উন্মুক্ত থাকবে।