
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সোহেল মাহমুদ। তিনি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার ভোরে স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে দায়ী ব্যক্তিদের শনাক্তে বাড়ানো হয় পুলিশি নজরদারি।
গতকাল রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ টিম নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী হিসেবে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
পুলিশ আরও জানায়, অগ্নিসংযোগে জড়িত অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।