
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শান্তিনগর এলাকায় ছিনতাইকারীদের অব্যাহত তৎপরতায় আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি,বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো বারবার অপরাধী চক্রের টার্গেটে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে দুই ব্যবসায়ীর ওপর ছিনতাইয়ের উদ্দেশ্যে সশস্ত্র হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তেজনা সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,রাত আনুমানিক ১১টার দিকে তারাকান্দা বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুবল সরকার এবং রড-সিমেন্ট ব্যবসায়ী নারু সিংহ দিনশেষে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ অর্থ নিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় নারু সিংহ গুরুতর জখম হন এবং তার হাতের রগ কাটায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সুবল সরকার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ,শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে। এলাকায় বসবাসকারী প্রায় ২০০ হিন্দু পরিবার নিয়মিত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে তারা জানান। এর আগে খগেনের স্ত্রীকে আহত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।
কিছু এলাকাবাসী অভিযোগ করেন,তারাকান্দা থানার নতুন অফিসার ইনচার্জ যোগদানের পর এসব অপরাধমূলক ঘটনা বেড়েছে এবং অভিযোগ দেওয়ার পরও অপরাধীদের গ্রেপ্তারে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। তারা দাবি করেন,তদন্তের নামে কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তবে এ বিষয়ে থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।হামলার ঘটনার পর ব্যবসায়ী সমাজসহ এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।