
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় সন্ত্রাস,জ্বালাও–পোড়াওসহ নানা অপরাধ দমনে কোতোয়ালী মডেল থানার বিট অফিসার এসআই আব্দুল রহিমের ভূমিকা স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।সরেজমিনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা জানান,দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণে তিনি দ্রুতই জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন।
জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিকনির্দেশনা এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই রহিম পরানগঞ্জ এলাকায় সন্ত্রাস,মাদক,চাঁদাবাজি,দেশবিরোধী কার্যক্রম ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করে তুলেছেন।
স্থানীয়রা জানিয়েছেন,আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এসআই রহিম নিয়মিত মনিটরিং, চোরাই মোবাইল উদ্ধারে তৎপরতা, মাদক ব্যবসা দমন,গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন অপরাধী গ্রেফতারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির ক্ষেত্রেও তার ভূমিকা নজরকাড়া।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সন্ত্রাস ও জ্বালাও–পোড়াও প্রতিরোধেও এসআই রহিম ও তার সহযোগী কর্মকর্তা সপন আকন্দ বিশেষ ভূমিকা পালন করছেন। এতে এলাকাবাসী আগের চেয়ে নিজেদের অনেক নিরাপদ মনে করছেন বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক মহল।
এসআই আব্দুল রহিম বলেন,“জনগণের সহযোগিতায় পরানগঞ্জকে নিরাপদ রাখা সম্ভব হয়েছে। চাঁদাবাজি,সন্ত্রাস বা অপরাধ—যেই করুক,আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং দমনে আমরা বিশেষ কর্মপদ্ধতিতে কাজ করছি। সমাজের সবাইকে নিয়ে নিরাপদ দেশ গড়াই আমাদের লক্ষ্য।”পরানগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন জনবান্ধব উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।