
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য,অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা মুখ্য সমন্বয়কসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে পূর্বঘোষিত এই মানববন্ধন কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,মানববন্ধন চলাকালে স্থানীয় কিছু লোকের তোপের মুখে পড়েন এনসিপির উপজেলা মুখ্য সমন্বয়ক ও মনোনীত সংসদ সদস্য মোজাম্মেল হকসহ উপস্থিত নেতাকর্মীরা। একপর্যায়ে হামলাকারীরা মানববন্ধনকারীদের ওপর চড়াও হন।
এ ঘটনায় উপজেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহসহ আরও দুইজন আহত হন।ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন,হামলার ঘটনায় রফিকুল ইসলাম রবি নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।