
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনার পর উপজেলা বিএনপির আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরন)সহ পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
রবিবার (৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত অন্য নেতারা হলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন,সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলের শৃঙ্খলা ভঙ্গ করে হাঙ্গামা,সহিংসতা,রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের প্রাথমিক সদস্যপদ ও সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
জানা যায়,ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হন উপজেলা বিএনপির আহবায়ক তায়েবুর রহমান হিরন।
রবিবার বিকেলে হোস্টেল মাঠে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সমাবেশ এবং একই সময়ে মধ্য বাজারে হিরনের পাল্টা সমাবেশ ডাকা হয়। দুই পক্ষ সমাবেশে যাওয়ার পথে মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এসময় মঞ্চ,চেয়ার,মোটরসাইকেল ও দোকানপাট ভাঙচুর করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়।সংঘর্ষে গুরুতর আহত হন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতা তানজিন আহমেদ মিঠু। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।