
ময়মনসিংহ প্রতিনিধি
তথাকথিত লকডাউন সফল করার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণের অভিযোগে ময়মনসিংহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন—নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসাইন (২৮), পরাণগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুর রহমান (৬০) এবং একই ইউনিয়নের যুবলীগ সদস্য মো. চাঁন মিয়া (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে আওয়ামী লীগ ঘোষিত তথাকথিত লকডাউন সফল করতে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রহমান ও চাঁন মিয়াকে আটক করে।
এর আগে শুক্রবার রাতে নগরীর শম্ভুগঞ্জ স্টেশন এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসাইনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।