
মেহেদী হাসান মঞ্জু, ঈশ্বরগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই ঈশ্বরগঞ্জে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়ভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় আনন্দের উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে যায় বিভিন্ন প্ল্যাটফর্ম।
দীর্ঘদিন ধরে দলের মাঠের কর্মী হিসেবে সক্রিয় থাকা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে প্রার্থী করায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দলের উচ্চ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের আশা, তাঁর নেতৃত্বে ঈশ্বরগঞ্জে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আমার প্রতি ঈশ্বরগঞ্জের মানুষ ও দলের আস্থা আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি সবসময় এই এলাকার মানুষের সেবা করতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি হতে সহযোগিতা করবেন—এই প্রত্যাশা করছি।”