
ময়মনসিংহ প্রতিনিধি॥
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সফল অভিযানে ২০১৩ সালের একটি হত্যা মামলার দীর্ঘ ১২ বছর পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত ০৪ ডিসেম্বর ২০১৩ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালী মডেল থানাধীন কাচিঝুলি এলাকার সিদ্দিক মাষ্টার রোডে পূর্বপরিকল্পিতভাবে সুন্দরী আরমান ইসলাম (২৬)-কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আদনান ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১২, তারিখ ০৪/১২/২০১৩ ধারা ১৪৩/৪৪৭/৩৪১/৩০২/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক একটি মামলা দায়ের করেন।
মামলার অন্যতম আসামি মোঃ আব্দুল মালেক রিপন (৪৫) দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায়,অফিসার ইনচার্জ ডিবি (উত্তর) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) যুবরাজ দাস,এসআই (নিঃ) ফিরোজ আলী,এসআই (নিঃ) পিন্টু কুমার রায় ও তাদের সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন।
০৫ নভেম্বর বুধবার বিকেলে ময়মনসিংহ শহরের কোতোয়ালী মডেল থানা এলাকার আকুয়া এলাকা থেকে পলাতক আসামি মোঃ আব্দুল মালেক রিপন (৪৫) কে আটক করে।রিপন মিয়া নগরীর গোয়াইকান্দি একাডেমি রোডের বড়বাড়ির মৃত হাফিজ উদ্দিনের ছেলে।ডিবি পুলিশের এ সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে