
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের তারাকান্দা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে,বিকেল সাড়ে তিনটার দিকে বাজারের মধ্যস্থলে অবস্থিত পাল জুয়েলার্স ও পাশে থাকা তিনটি মুদি দোকান থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকে। পরে খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মৃদুল কান্তি পাল (৪৬) বলেন, “আমার ‘মেডিসিন কর্নার’ দোকানে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার ওষুধ ও মালামাল পুড়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই।”অন্য এক ব্যবসায়ী মোহাম্মদ কামাল মিয়া (৪৫) জানান, “আমার দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মনোহারী মালামাল এবং নগদ ৩০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,নাজিম উদ্দিনের দোকানে গ্যাস লাইটারে গ্যাস রিফিলিংয়ের সময় অসাবধানতার কারণে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের দোকানগুলো ও একটি গুদামে ছড়িয়ে পড়ে। গুদামে রক্ষিত আনুমানিক ৫ লক্ষ টাকার মালামালও নষ্ট হয়।অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস,ব্যবসায়ী ও স্থানীয়রা একত্রে।আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।