
অভি খান,চৌদ্দগ্রাম প্রতিনিধি.
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভার দোয়েল চত্বর থেকে মিতল্লা সড়কে চলছে সড়ক উন্নয়ন ও নির্মাণ কাজ। তবে স্থানীয়দের অভিযোগ—বিদ্যুতের পিলার না সরিয়েই সড়কের মাঝখানে নির্মাণ কাজ চলমান রয়েছে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।দেখা গেছে,নতুন সড়কের মাঝখানেই বিদ্যুতের পিলার স্থির অবস্থায় রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে,যার মধ্যে রয়েছে ভারী যানবাহন,পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস। ব্যস্ততম এই সড়কে মাঝখানে পিলার থাকা চলাচলে বাধা সৃষ্টি করছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।স্থানীয় বাসিন্দারা জানান,“রাস্তা নির্মাণের আগে যদি বিদ্যুতের পিলার সরানো না হয়, তাহলে যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলেছেন—এই অব্যবস্থাপনার দায় নেবে কে? সরকার,ঠিকাদার নাকি বিদ্যুৎ বিভাগ?স্থানীয় সচেতন মহল মনে করছে,উন্নয়নের কাজ সঠিক পরিকল্পনা ছাড়া শুরু হওয়ায় এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দ্রুত বিদ্যুতের পিলার সরিয়ে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।