
মেহেদী হাসান মুঞ্জু,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক,চোরাচালান ও সন্ত্রাসবিরোধী মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়,অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় এসআই ফিরুজ আহমেদ ও এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার ধামদী গ্রামের নূরুন্নবীর পুত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি নূর হামীম রুশো (২০),ছাত্রলীগ কর্মী মৃত আবু সিদ্দিকের পুত্র আলিফ জাহান পার্থ (২০) এবং চরনিখলা গ্রামের আকরাম হোসেনের ছেলে মারুফ মিয়া (২৫)-কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়।
অন্যদিকে এসআই রাশেদ মোশাররফের নেতৃত্বে উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে মাদক চোরাচালান মামলায় ১৭ পিস ভারতীয় কম্বলসহ চর শিহারী গ্রামের মো. নূর ইসলামের পুত্র রাফি ইসলাম (২১)-কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাঁচপাড়া এলাকায় অভিযান চালিয়ে গেন্দু লাল রবি দাসের পুত্র রোপন রবি দাস (২৮) ও বাশহাটি গ্রামের মৃত হাশেম উদ্দিন মেম্বারের পুত্র কাজল মিয়া (২১)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন,“ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ দুইজন, ১৭ পিস ভারতীয় কম্বলসহ একজন এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”