
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ কার্যদিবসের মধ্যে ইমাম-মুয়াজ্জিন মুক্তি না পেলে রাজপথে কর্মসূচী দেবে শানে সাহাবা – মুফতি শামীম মজুমদার,ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে নিরীহ ইমাম মুয়াজ্জিনের গ্রেফতার অবৈধ দাবী করে তাদের মুক্তি দাবী করেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।
ব্রাহ্মণবাড়িয়ায় শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর ইমাম খতীব কনফারেন্সে তিনি বলেন,গত তিন চার মাস পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে মসজিদের ছাদে ময়না নামের এক মেয়ে শিশুর বিবস্ত্র লাশ পাওয়া যায়। ঘটনায় সন্দেহজনকভাবে মসজিদটির ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। শানে সাহাবার তদন্ত টিমের রিপোর্টে উঠে এসেছে ঘটনার আগেপরে তিন দিন ইমাম সাহেব ছুটিতে তাঁর গ্রামে ছিলেন। এছাড়াও স্থানীয়রা বলেছেন এ ঘটনায় ইমাম মুয়াজ্জিন জড়িত নন। মেডিকেল রিপোর্টও একই প্রমাণ দিয়েছে। তাহলে কোন যুক্তিতে এই দুই নিরীহ ইমাম মুয়াজ্জিনকে গ্রেফতার করে আজ এতটা মাস কারাগারে আটক করে রাখা হল?তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন,আগামী ২০ কার্যদিবসের মধ্যে তাদেরকে মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের ইমাম খতীব মুয়াজ্জিনসহ সর্বসাধারণকে নিয়ে রাজপথে কর্মসূচী দিবে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন। কনফারেন্সে শানে সাহাবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শানে সাহাবার মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী,ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি মুবারক উল্লাহ,নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদি,শানে সাহাবার বিভিন্ন জেলার সভাপতিবৃন্দসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিভিন্ন উপজেলার দায়িত্বশীলগণ।